এডি ডেস্ক
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান ও ১ নম্বর আসামি রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৪ জুন) রাতে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, র্যাব-৬ সদর কোম্পানি ও র্যাব-৮-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক এই আসামিকে গ্রেফতার করে।
গত ৩০ মে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার দারুস আমান এলাকার একটি বাসা থেকে বেবী বেগম (৫৫) ও তার দুই নাতি শামীম (১৩) এবং মুস্তাকিমের (৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ ও দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করেন তদন্ত সংশ্লিষ্টরা। নিহত দুই শিশুর সৎ বাবা রফিকুল ইসলাম হাওলাদারকে মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
ঘটনার পর নিহত শিশুদের বাবা মাসুম ব্যাপারী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রফিকুল ইসলাম হাওলাদারকে প্রধান আসামি করা হয়। তদন্ত কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং তাকে গ্রেফতারে পুলিশ ও র্যাবের একাধিক দল অভিযান চালাচ্ছিল।
র্যাব জানিয়েছে, নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত আসামি, সাজাপ্রাপ্ত পলাতক ব্যক্তি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply