ঢাকার মিরপুরের পল্লবীতে একটি ফ্ল্যাট থেকে নিঃসঙ্গ জীবনযাপন করা বৃদ্ধা নুরজাহান বেগমের গলিত লাশ উদ্ধারের ঘটনায় তাঁর ছেলে সরকারের যুগ্ম সচিব আনিসুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে বুধবার (৩ জুন) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
এর আগে নুরজাহান বেগমের লাশ উদ্ধারের পর তাঁর সন্তানদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ওই যুগ্ম সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ওএসডি করার সিদ্ধান্ত নেয় সরকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবীর একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সেখানে একা বসবাস করছিলেন। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সন্তান হওয়া সত্ত্বেও মায়ের এমন নিঃসঙ্গ পরিণতি এবং মৃত্যুর পর লাশ পড়ে থাকার বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে বিভাগীয় ও আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এডি/আমিন
Leave a Reply