যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক করতে রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭ জুন (রবিবার) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) উত্তরা ও মতিঝিল—উভয় প্রান্ত থেকেই সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর এই প্রস্তাব অনুমোদন করেছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র বুধবার (৩ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল স্টেশন থেকে ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা থেকে শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। তবে এই অতিরিক্ত ২০ মিনিট সময়ের জন্য নতুন কোনো ট্রেন যুক্ত হচ্ছে না; বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট পর পর (হেডওয়ে) শেষ ট্রেনটি চালানো হবে।
ডিএমটিসিএল সূত্র জানায়, সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম এবং সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
মেট্রোরেলের নিয়মিত যাত্রী ও সাংবাদিক আসাদ আবেদীন জয় বলেন, ‘আমার বাসা মিরপুরে। অফিস শেষে প্রায়ই ফার্মগেট থেকে শেষ ট্রেনে উঠি। অনেক সময় দৌড়েও ট্রেন ধরতে হয়, আবার কখনো মিস হয়ে যায়। সময় আরও ২০ মিনিট বাড়ানো হলে যাত্রীদের অনেক উপকার হবে। শেষ ট্রেনে সব সময়ই প্রচুর যাত্রী থাকে, তাই সময় বাড়ালে কর্তৃপক্ষেরও ক্ষতি হবে না।’
এর আগে গত বছরের অক্টোবরেও মেট্রোরেল চলাচলের সময় সকাল ও রাত মিলিয়ে মোট এক ঘণ্টা বাড়ানো হয়েছিল।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে চলাচলের মাধ্যমে রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬) যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু করা হয়। বর্তমানে কমলাপুর স্টেশন পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে, যা শেষ হলে এই লাইনের পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।
এডি/আমিন
Leave a Reply