1. admin@alokitodesh.com : admin :
রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটানোর অভিযোগে ওসি ক্লোজড - alokitodesh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম:
১ জুলাই তিস্তা অববাহিকায় মশাল প্রজ্জ্বলন ও গণ অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে বাঞ্ছারামপুর র‌্যালী ও বৃক্ষরোপণ শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের শোভাযাত্রা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়ন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটানোর অভিযোগে ওসি ক্লোজড বাঞ্ছারামপুরের কৃতি সন্তান পাভেল যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত-৩

রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটানোর অভিযোগে ওসি ক্লোজড

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

আবু রায়হান, রংপুর ব্যুরো

রংপুরে বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে থানায় আটক রেখে নির্যাতনের অভিযোগে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমানকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তিনি সহ মোট পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হলো।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম।

এ ঘটনায় বুধবার রাতে তিনজনকে এবং বৃহস্পতিবার ওসিসহ আরও দুজনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। একই সঙ্গে তদন্ত কমিটির অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

পুলিশ লাইন্সে ক্লোজড হওয়া অন্য সদস্যরা হলেন কনস্টেবল লিমা সরেন ও বাসুদেব, ডিউটি অফিসার মেহেরুন্নেসা এবং এসআই মাসুদ রানা।
ঘটনার সূত্রপাত হয় ঈদের আগে নগরীর সিও বাজার এলাকার এক প্রেমিক-প্রেমিকার নিখোঁজ হওয়ার ঘটনায়।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। জিডির ভিত্তিতে ওই যুগলকে উদ্ধার করে বুধবার সন্ধ্যায় থানায় আনা হয়। পরে তাদের পরিবারের অনুরোধে বিষয়টি মীমাংসার জন্য স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা থানায় যান।

লাভলু নামে এক নেতার আহ্বানে সেখানে যান স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল ইসলাম রাকিব।
রাকিবুল ইসলামের অভিযোগ, থানায় গিয়ে তিনি দেখতে পান এক পুলিশ সদস্য উদ্ধার হওয়া যুগলকে মারধর করছেন। এ বিষয়ে আপত্তি জানালে ওসি ও কয়েকজন পুলিশ সদস্য তার ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। এতে তিনি আহত ও রক্তাক্ত হন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানার কলাপসিবল গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় গেটের ভেতর থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিবুল ইসলাম। তখন তার শরীরে রক্তের দাগ এবং আঘাতের কারণে একটি চোখ ফুলে থাকতে দেখা যায়।

রাকিবুল ইসলাম বলেন, “উদ্ধার করা প্রেমিক যুগলকে থানার ভেতরে এক পুলিশ সদস্য মারধর করছিলেন। বিষয়টি দলের এক নেতাকে জানাতে পকেট থেকে মোবাইল ফোন বের করতেই ওসি, এসআই ও কয়েকজন পুলিশ সদস্য আমার ওপর চড়াও হন। তারা আমাকে বেধড়ক মারধর করেন।
“আমি বারবার তাদের অনুরোধ করেছি এবং পরিচয় দিয়েছি যে আমি স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও বিএনপির একজন কর্মী।

গত ১৭ বছর ধরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। তারপরও তারা আমাকে মারধর করে রক্তাক্ত করেছে। আমার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “থানার ভেতরে মারধরের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া ইসলাম জিম। সংবাদ সম্মেলন থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।###

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.