চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এতে মোট ৪৩টি বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ৩৪টি ছেলেদের ও মেয়েদের ৯টি দল অংশগ্রহণ করবে। রোববার (১০ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
দীর্ঘ ৪৪ বছর পর এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আয়োজকের ভূমিকায় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগামী ১৭ মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ১৯৮২ সালে প্রথমবারের মত ৫ টি বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘‘আজকের এই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ ৪৪ বছর পর এরকম আয়োজন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নানা কারনে ছাত্র-শিক্ষক সম্পর্ক এখন তলানিতে। এরকম আয়োজন শুধু অভ্যন্তরীণ সম্পর্ক নয়, এক বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।’’
কেন্দ্রীয় ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘‘১৯৮২ সালের পর আজ আবার এই আয়োজন করতে পারায় আমরা গর্বিত। যারা বাইরে থেকে খেলতে এসেছেন তারা আমাদের অতিথি। আমরা মেহমানদের গুরুত্ব দিব। আমরা চেষ্টা করবো যেন তাদের কোনো অসুবিধা না হয়।’’
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘‘এত চমৎকার আয়োজনে শিক্ষার্থীরা মুগ্ধ। আমাদের প্রত্যাশা আমরা টুর্নামেন্ট ভালোভাবে শেষ করতে পারবো। এরকম আয়োজন ভ্রাতৃত্ববোধ উন্নত করে।’’
এসময় চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, শিক্ষকবৃন্দ, চাকসু নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
Leave a Reply