নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ ব্লাড সার্কেলের আয়োজনে নওগাঁয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মে) শহরের কলেজ মোড় সহ বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় থ্যালাসেমিয়া রোগীদের তালিকা, রক্তদাতা সংগ্রহ এবং সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়।
নওগাঁ ব্লাড সার্কেল-এর সাধারণ সম্পাদক মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, “থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের বেঁচে থাকার জন্য নিয়মিত অন্যের দেওয়া রক্ত গ্রহণ করতে হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় এক লাখ থ্যালাসেমিয়া রোগী রয়েছে। তাদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নওগাঁ ব্লাড সার্কেল সামর্থ্য অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া শতভাগ প্রতিরোধযোগ্য একটি রোগ। দুই জন থ্যালাসেমিয়ার বাহকের বিয়ে হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক কী না, তা নিশ্চিত হওয়া যায়। তাই, আমাদের বিয়ের আগেই বাহক করে পরীক্ষা করে ফেলা উচিত।
সংগঠনটির উপদেষ্টা মোঃ শাহনেওয়াজ রক্সি বলেন, “থ্যালাসেমিয়া রোগীরা অন্যের দেওয়া রক্তের ওপর নির্ভর করেই বেঁচে থাকেন। তাই আমরা যারা সুস্থ আছি, তাদের প্রত্যেকেরই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত। নওগাঁ ব্লাড সার্কেল থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্তের ব্যবস্থা করে তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।”
উল্লেখ্য, সংগঠনটি ২০১৭ সাল থেকে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিনামূল্যে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সেবা, পাঠাগার পরিচালনা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের স্বেচ্ছাসেবী কাজে উদ্বুদ্ধ করাই নওগাঁ ব্লাড সার্কেলের মূল কার্যক্রম।
Leave a Reply