ঢাকাস্থ মিসর দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য মিসর ভ্রমণের ক্ষেত্রে নতুন জরুরি নির্দেশনা জারি করেছে। এখন থেকে মিসর হয়ে অন্য কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে (ট্রানজিট) বাংলাদেশিদের জন্য আগে থেকেই ট্রানজিট ভিসা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
গতকাল সোমবার (২৫ মে) ঢাকার মিসর দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো বাংলাদেশি নাগরিক মিসরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চাইলে তাকে ঢাকা থেকেই ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে। অন-অ্যারাইভাল বা পৌঁছানোর পর ট্রানজিট ভিসা পাওয়ার কোনো সুযোগ থাকবে না।
ভ্রমণকারীদের জন্য দূতাবাসের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো:
আগে ভিসা সংগ্রহ: ভ্রমণ শুরু করার আগেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে ট্রানজিট ভিসা সংগ্রহ করতে হবে।
বৈধ পাসপোর্ট ও চূড়ান্ত ভিসা: ভ্রমণকারীর পাসপোর্টের ন্যূনতম মেয়াদ থাকতে হবে। একই সঙ্গে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট (বসবাসের অনুমতি) থাকতে হবে।
টিকিট ও রুট: ভ্রমণপথের টিকিট বা রুটে মিসরকে অবশ্যই একটি ট্রানজিট পয়েন্ট বা যাত্রাবিরতি হিসেবে উল্লেখ থাকতে হবে।
অভিবাসন নীতিমালা: মিসরে প্রবেশ দেশটির অভিবাসন নীতিমালার ওপর নির্ভরশীল। কোনো ভ্রমণকারী যদি দেশটির প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় (ব্ল্যাকলিস্ট) থাকেন, তবে তিনি ট্রানজিটের সুযোগ পাবেন না।
যাতায়াতের পথে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি বা জটিলতা এড়াতে ভ্রমণের আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা নিশ্চিত করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে আগ্রহী ব্যক্তিদের ঢাকাস্থ মিসর দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply