1. admin@alokitodesh.com : admin :
জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে সমাবেশ - alokitodesh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে সমাবেশ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি

চট্টগ্রাম শহরে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা এবং গ্রাফিতি অঙ্কনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রতিবাদ সমাবেশ ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “জুলাইকে আমরা চোখের সামনে সংগঠিত হতে দেখেছি। জুলাইয়ের স্মৃতিগুলো এখনো সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে জ্বলজ্বল করছে। জুলাইকে মুছে দেওয়ার যে কোনো চেষ্টা ছাত্র-জনতা প্রতিহত করবে। কারণ এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঝরিয়ে দেশকে বাঁচিয়েছে। কোনো রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতাই জুলাইয়ের চেতনা ধারণ ও দীর্ঘায়িত করবে।”

আরেক শিক্ষার্থী রিশাদ নুর বলেন, “জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়া মানে মানুষের কণ্ঠস্বর মুছে দেওয়ার চেষ্টা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন করে জুলাইয়ের গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছে। আমরা আশা করি, জুলাইয়ের চেতনা সারা দেশে পুনরুজ্জীবিত হবে।”

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, “জুলাই আমাদের মনে করিয়ে দেয়, এ বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। আমরা দেখেছি, সেই সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও পুলিশ বাহিনী কীভাবে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছিল। আবারও এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা প্রতিরোধে আমরা মাঠে থাকব।”

উল্লেখ্য,কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা জুলাইয়ের চেতনা ধারণ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2019 alokitodesh.com
আইটি সহযোগিতায় আব্দুল্লাহ ফাহাদ জাকির
Copyright © 2025 | alokitodesh.com | All Rights Reserved.