সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমপাড়া। আজ সকালে সাতক্ষীরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণপদ পাল আম পাড়ার উদ্বোধন করেন।
কৃষি অফিস বলছে সাতক্ষীরার মাটি পানি ও আবহাওয়া জনিত কারণে অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগে পাকে। জেলা প্রশাসনের নির্দ্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে গোবিন্দভোগ,গোপালভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। আবহাওয়া প্রতিকূল থাকায় এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরায় ছোট বড় ৫ হাজার ৩৫০ টি আম বাগানে মোট ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্য মাত্র নির্ধরণ করা হয়েছে ৭০ হাজার ৩৮০ মে: টন।
অন্যদিকে চাষীরা বলছেন আবহাওয়া প্রতিকূল থাকায় আমের ফলন ভালো হয়েছে। তবে একটি মাত্র বাজার থাকায় বিক্রি নিয়ে বিপাকে পড়তে হয় তাদের। শুধু মাত্র আম বিক্রির জন্য অস্থায়ী বাজার এবং সিন্ডিকেট নিয়ন্ত্রনের দাবি তাদের।
সদরের ফিংড়ী ইউনিয়নের বাগান মালিক আবু সাঈদ বলেন, ফলন ভালো হলেও বাজারে একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। তাদের ইচ্ছাতেই দাম নির্ধারণ করা হয়। এতে করে আমরা ক্ষতিগ্রস্থ হয়। এবার যদি মন প্রতি ২ হাজার টাকা দাম না পাওয়া যায় তাহলে চাষীরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে। একই কথা বলেন,ব্যবসায়ী আকরামুজ্জামান, রাহাতুল ইসলাম, কবিরুলসহ অন্যরা।
বাগান মালিক ইসমাইল হোসেন বলেন, আমাদের আম বিক্রির জন্য আলাদা কোন বাজার নেই। ফলে সুলতানপুর বড় বাজারে আমাদের আম বিক্রি করতে হয়। সেখানে সিন্ডিকেটের কবলে পড়ে চাষীদের পথে বসে যায়। যে কারনে আমের জন্য আলাদা একটি বাজার স্থাপন করা হলে চাষীরা ন্যায্য মূল্য পেত।
এবিষয়ে সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল বলেন, বাজার সিন্ডিকেট ভাঙ্গতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব নিয়মিত বাজার তদারকি করা হবে। এছাড়া বেশি লাভের আশায় অপরিপক্ক বাজারজাত না কারার আহ্বান প্রশাসনের।
Leave a Reply