এডি ডেস্ক
ইরানের বন্দরগুলোতে দেওয়া নৌ-অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নীতি নির্ধারণী পর্ষদ ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর সদস্য এবং রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি। একই সঙ্গে যেকোনো ধরনের সংঘাতের জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজায়ি বলেন, ‘আমরা মার্কিন সামরিক বাহিনীকে ওমান সাগরে তাদের কবরস্থান হওয়ার আগেই এই অবরোধ শেষ করার পরামর্শ দিচ্ছি।’
যুক্তরাষ্ট্রের এই অবরোধকে একটি ‘যুদ্ধংদেহী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করে রেজায়ি বলেন, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো তেহরানের অধিকার। তিনি আরো বলেন, ‘তারা ইরানের ওপর এই নৌ-অবরোধ যত দীর্ঘায়িত করবে, বিশ্বজুড়ে দেশগুলোর ক্ষতির পরিমাণ তত বেশি বাড়বে।’ চলমান এই যুদ্ধাবস্থা অবসানের আলোচনা প্রসঙ্গে রেজায়ি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রকে ‘কাজে প্রমাণ করতে হবে যে তারা নির্ভরযোগ্য’। তিনি বলেন, ‘এখন আমেরিকাকেই নিজেকে প্রমাণ করতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীর আঙুল এখন ট্রিগারে রয়েছে এবং একই সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়াও চলমান আছে।’
গত ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর এই নৌ-অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তার শর্ত মেনে শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত এই অবরোধ বজায় থাকবে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা মার্কিন চাপের কাছে মাথা নত করবে না।
সূত্র: আল-জাজিরা
Leave a Reply