এডি ডেস্ক
ওশেনিয়া মহাদেশের দ্বীপদেশ অস্ট্রেলিয়া বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য। উন্নত শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ ও আন্তর্জাতিক মানের জীবনযাত্রার কারণে প্রতি বছর হাজারো শিক্ষার্থী দেশটিতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান।
তবে উচ্চমানের শিক্ষা ও জীবনযাত্রার ব্যয়ের কারণে অস্ট্রেলিয়ায় পড়াশোনা তুলনামূলকভাবে ব্যয়বহুল। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নিচে অস্ট্রেলিয়ার সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে তুলে ধরা হলো:
১. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই স্কলারশিপ প্রোগ্রামটি দেওয়া হয়। উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও প্রাপ্য সুযোগ করে দেওয়ার জন্যই এই প্রোগ্রাম।
সুযোগ সুবিধা: টিউশন ফি, থাকার খরচ, হেলথকেয়ার, প্রি-ইংলিশ কোর্স, সাপ্লিমেন্টারি অ্যাকাডেমিক কোর্স, রিসার্চ প্রোডাক্টের সব ফি, অন্যান্য সুযোগ-সুবিধাসহ অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকবে।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট।
২. সিডনি স্কলার্স অ্যাওয়ার্ড
ইউনিভার্সিটি অব সিডনি প্রতি বছর স্নাতক পর্যায়ে সিডনি স্কলার্স অ্যাওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপটি বেশ প্রতিযোগিতামূলক।
সুযোগ সুবিধা: এই বৃত্তির আওতায় প্রতি বছর শিক্ষার্থীদের ছয় হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হয়।
সিডনি স্কলার্স অ্যাওয়ার্ডের অফিশিয়াল ওয়েবসাইট।
৩. কার্টিন ইউনিভার্সিটি স্কলারশিপ
অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত গবেষণামূলক একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কার্টিন ইউনিভার্সিটি। শুধু অস্ট্রেলিয়ায় নয়; মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, মরিশাসেও এটির ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন পারশিয়াল থেকে ফুললি ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে।
সুযোগ সুবিধা: বৃত্তির আওতায় টিউশন ফি, থাকার খরচ, ল্যাব ফি থেকে শুরু করে নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়।
কার্টিন ইউনিভার্সিটি স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট।
৪. বব হেমন্ড রিসার্চ স্কলারশিপ
মারডক ইউনিভার্সিটি স্নাতকোত্তর পর্যায়ে গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বব হেমন্ড ফান্ডের আওতায় স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপটি তিন বছরের পিএইচডি ডিগ্রির জন্য দেওয়া হয়।
সুযোগ সুবিধা: প্রোগ্রামটিতে শিক্ষার্থীদের প্রতিবছর ৩৫ হাজার অস্ট্রেলিয়ান ডলারের সঙ্গে ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার হাতখরচ দেওয়া হবে।
বব হেমন্ড রিসার্চ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট।
৫. আরটিপি স্কলারশিপ
রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি নামে পরিচিত) অস্ট্রেলিয়ান সরকারের একটি উদ্যোগ। প্রতি বছর স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ডিগ্রির জন্য স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সাধারণত মাস্টার্সের জন্য দুই বছর ও পিএইচডির জন্য সর্বোচ্চ চার বছরের আরটিপি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।
সুযোগ সুবিধা: এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, থাকার খরচ, মাসিক হাতখরচ, গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচ—সব মিলিয়ে বছরে প্রায় ৩৭ হাজার ২০৭ অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হয়। আরটিপি স্কলারশিপের আওতায় আপনি অস্ট্রেলিয়ার স্বনামধন্য ৪২টি বিশ্ববিদ্যালয়ের যেকোনোটিতে পড়াশোনা ও গবেষণা করার সুযোগ পাবেন।
আরটিপি স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট।
Leave a Reply