জবি প্রতিনিধি
ঈদু আজহার ছুটি চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট ও বিবিএ ভবনের বিল্ডিং এ এসব পোস্টার দেখা যায়।
পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়-এর ছবির পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান-এর ছবিও ব্যবহার করা হয়েছে।
পোস্টারগুলোতে “শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে”, “বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে” এবং “রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে” — এমন স্লোগান লেখা ছিল।
জানা যায়, এ পোস্টারিং কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০১৫-১৬ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়া সার্বিক সহযোগিতা করেন শাখা ছাত্রলীগের নেতা সাজবুল ইসলাম।
নিষিদ্ধ ছাত্রলীগের জবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, যে সংগঠনের নেতৃত্বে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন বাংলাদেশ, আজ সেই সংগঠনই বাংলার মাটিতে নিষিদ্ধ।
আমরা স্পষ্টভাবে বলতে চাই— বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যতদিন পর্যন্ত তার ন্যায্য শিক্ষার অধিকার ফিরে না পাবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই ও সংগ্রাম চলমান থাকবে।
Leave a Reply