আবু রায়হান, রংপুর ব্যুরো।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতান্ত্রিক আদর্শের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।
শনিবার (৩০ মে) দুপুরে রংপুর জেলা ও মহানগর বিএনপির পৃথক আলোচনা সভায় বক্তারা এ মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে আলোচনা সভার আয়োজন করে রংপুর জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
অন্যদিকে, শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে রংপুর মহানগর বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. এম শওকাত আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি এবং সিটি প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী চৌধুরী ডন।
পরে নগরীর বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি। উনিশ দফার বাস্তবায়নের ধারাবাহিকতায় একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রংপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধ রয়েছে। রংপুরের উন্নয়ন ও এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে কোনো ফ্যাসিবাদী বা গোপন শক্তি বাধা সৃষ্টি করলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করব।”
সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, “বাংলাদেশ আজ গণতন্ত্রের মহাসড়কে এগিয়ে চলেছে। দেশের প্রতিটি কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানে গণতন্ত্রের চর্চা হচ্ছে। এটিই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। তাঁর শাহাদাতবার্ষিকীতে আমরা তাঁর প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও রংপুর মহানগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন পর দেশের মানুষ বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার পরিবেশ ফিরে পেয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকারের মাধ্যমে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি।”
Leave a Reply