বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালযের (বেরোবি), অফিসিয়াল ওয়েবসাইটে বিদেশি ভাষায় অনলাইন জুয়া-সংক্রান্ত কনটেন্ট দেখা যাওয়ায় হ্যাকিংয়ের উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়, হ্যাকিং হয়েছে এই ধারণাটি ভুল। সম্প্রতি ওয়েবসাইটের একটি অংশে থাই ভাষায় “สล็อต มังกร ทอง” (গোল্ডেন ড্রাগন স্লট) শিরোনামের একটি লেখা নজরে আসে। এতে একটি অনলাইন স্লট গেমিং প্ল্যাটফর্মের প্রচারণামূলক তথ্য উপস্থাপন করা হয়েছে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের পরিচালক ড. মো. মিজানুর রহমান জানান, “আসলে আমাদের ওয়েবসাইট সার্চ করার পর গুগলে বিদেশি ভাষার যে বিভিন্ন লেখা দেখাচ্ছে, তা নিয়ে কিছু শিক্ষার্থী হ্যাকিংয়ের ধারণা করা হয়েছিলো। কিন্তু বিষয়টি আসলে তেমন কিছু নয়। এটি মূলত গুগল ইনডেক্সিংয়ের সমস্যার কারণে তৈরি হয়েছে। গুগল ইনডেক্সে অনেকগুলো ওয়েবসাইটের ডেটা একসঙ্গে সংরক্ষিত থাকে। ভুলবশত আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নামের সাথে অন্য কোনো ওয়েবসাইটের ডেটা প্রদর্শিত হচ্ছে। তবে এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই,এটি কোনো ধরনের ফিশিং বা হ্যাকিং নয়। আমরা গুগলের সাথে যোগাযোগ করেছি এবং আশা করা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সার্চ রেজাল্টে ওয়েবসাইটটি ঠিক হয়ে যাবে।”
উল্লেখ্য, গুগল ইনডেক্সিং হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে গুগল ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করে এবং নিজের ডেটাবেজে সংরক্ষণ করে রাখে, যাতে ব্যবহারকারীরা সহজে সার্চ করে সেই তথ্য খুঁজে পেতে পারেন। যখন কোনো ওয়েবসাইটে নতুন কনটেন্ট প্রকাশ করা হয় বা পুরোনো কনটেন্ট পরিবর্তন করা হয়, তখন গুগল তা সঙ্গে সঙ্গে আপডেট করে না; বরং কিছু সময় পর পুনরায় স্ক্যান (Crawl) করে এবং তখনই নতুন তথ্য ইনডেক্সে যুক্ত হয়। এই কারণে কখনো কখনো গুগল সার্চ রেজাল্টে পুরোনো ভুল বা মুছে ফেলা কনটেন্টও সাময়িকভাবে দেখা যেতে পারে, যদিও মূল ওয়েবসাইটে সেই কনটেন্ট আর থাকে না। মূলত ইনডেক্সিং প্রক্রিয়ার এই সময়গত ব্যবধানের কারণেই মাঝে মাঝে এমন বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়।
Leave a Reply