ধর্ম ডেস্ক: পবিত্র কুরআন মানবজাতির জন্য হেদায়েতের আলো। এই কুরআনের প্রতিটি হরফ ও সূরা তিলাওয়াতের রয়েছে বিশেষ সওয়াব ও তাৎপর্য। তবে নির্দিষ্ট কিছু সূরার গুরুত্ব হাদিসে বিশেষভাবে বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো সূরা ইয়াসিন, যাকে বলা হয় ‘কুরআনের হৃৎপিণ্ড’। বিশেষ করে প্রতিদিন সকালে এই সূরাটি পাঠ করার ফজিলত অপরিসীম।
নবী কারীম (সা.) এবং সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনা থেকে সকালে সূরা ইয়াসিন পাঠের যে সব উপকারিতা জানা যায়, তার চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো:
হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি দিনের শুরুতে (সকালে) সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার সারাদিনের সমস্ত বৈধ প্রয়োজন বা হাজত পূরণ করে দেবেন। দিনভর তার যাবতীয় কাজ সহজ হয়ে যায় এবং আল্লাহর বিশেষ রহমত পরিলক্ষিত হয়।
তিরমিজি শরীফের এক বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন— প্রতিটি জিনিসের একটি হৃদয় থাকে, আর কুরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি এই সূরাটি একবার পাঠ করবে, আল্লাহ তাকে দশবার পূর্ণ কুরআন খতম করার সওয়াব দান করবেন।
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সকালে এই সূরাটি পাঠ করেন, তবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। আধ্যাত্মিক প্রশান্তি লাভের পাশাপাশি এটি পরকালীন মুক্তির একটি বড় উছিলা।
ইসলামি চিন্তাবিদদের মতে, নিয়মিত সকালে সূরা ইয়াসিন পাঠ করলে রিজিকে বরকত আসে এবং মনের অস্থিরতা দূর হয়। এটি পাঠকারীকে সারাদিন শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে নিরাপদ রাখে।
সকালে এই সূরার আমল মৃত্যু পরবর্তী জীবনকেও সহজ করে। মুমূর্ষু ব্যক্তির পাশে এই সূরা পাঠ করলে রুহ কবজ করা সহজ হয় এবং কবরের আজাব থেকে মুক্তির সহায়ক হিসেবে কাজ করে।
সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত এবং পুনরুত্থান বা কিয়ামত সম্পর্কে অত্যন্ত জোরালো আলোচনা করেছেন। তাই শুধু সওয়াবের জন্য নয়, বরং এই সূরার মর্মার্থ বুঝে আমল করা প্রত্যেক মুমিনের নৈতিক দায়িত্ব। প্রতিদিন সকালের শুরুটা এই বরকতময় সূরার মাধ্যমে করলে জীবন হবে সুন্দর ও সওয়াবপূর্ণ।
Leave a Reply