এডি ডেস্ক:
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ শুক্রবার (১ মে) এ তথ্য নিশ্চিত করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানায়।
এর আগে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের নিচ থেকে আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। একই এলাকা থেকে পরবর্তীতে মানুষের শরীরের আরও কিছু বিচ্ছিন্ন অংশও উদ্ধার করে পুলিশ, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
পুলিশ সূত্র জানায়, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এদিকে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মিয়ামির কনস্যুলেটের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
অন্যদিকে জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আগামীকাল বাংলাদেশে পাঠানো হবে। দুবাই ট্রানজিট শেষে তার মরদেহ সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত হিশাম আবুঘরবের বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, জামিল লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ ও নীতি বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন। অন্যদিকে নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল গবেষণা করছিলেন।
Leave a Reply