ইসমাঈল হোসাইন, উত্তরা, ঢাকা: পবিত্র মাহে রমজানের চেতনায় নগরের খেটে খাওয়া ও কর্মব্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন সোশাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ (সওয়াব)। রাজধানীর লালমাটিয়ায় সংগঠনটির প্রধান কার্যালয়ের সামনে চালু করা হয়েছে ‘সওয়াব ইফতারি ঘর’, যেখানে প্রতিদিন শতাধিক রোজাদারের মাঝে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্যসম্মত ইফতার প্যাক। ব্যস্ত নগরজীবনে দিনভর পরিশ্রম শেষে অনেক কর্মজীবী মানুষের জন্য এই উদ্যোগ হয়ে উঠেছে স্বস্তি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রতিদিন ইফতারের প্রায় এক ঘণ্টা আগে শুরু হয় ‘ইফতারি ঘর’ কার্যক্রম। এখানে রোজাদারদের হাতে তুলে দেওয়া হয় বিশেষভাবে প্রস্তুত করা ইফতার প্যাক। পুষ্টি ও সুস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে খিচুড়ি, মোরগ পোলাও, খেজুরসহ নানা স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে সাজানো হয়েছে এসব প্যাক।
ইফতার বিতরণ কর্মসূচি সম্পর্কে সওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান গণমাধ্যমকে জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে সওয়াব। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে মানুষের চাহিদা অনুযায়ী ইফতার বিতরণসহ নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে সংগঠনটি। মানুষের ইতিবাচক সাড়া ও উৎসাহের প্রেক্ষিতে এ বছর রাজধানীর প্রধান কার্যালয়ের সামনেও ‘ইফতারি ঘর’ চালু করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
ইফতার প্যাক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন, মিডিয়া ম্যানেজার খোরশেদ আলম, এসিস্ট্যান্ট ম্যানেজার এডমিন মো: শাহজালাল সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ‘সওয়াব ইফতারি ঘর’ থেকে প্রতিদিন দুই শতাধিক ইফতার প্যাক বিতরণ করা হচ্ছে। চাহিদা বাড়লে সেই অনুযায়ী প্যাকের সংখ্যাও বৃদ্ধি করা হয়। পুরো রমজান মাসে ১০ হাজারের বেশি ইফতার প্যাক বিতরণের পরিকল্পনা রয়েছে। ১ রমজান থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৭ রমজান পর্যন্ত।
ব্যস্ত নগরের ফুটপাত, রিকশা চালকের আসন কিংবা দিনমজুরের ক্লান্ত শরীরে যখন ইফতারের সময়টুকু হয়ে ওঠে কঠিন বাস্তবতা, তখন ‘সওয়াব’ ইফতারি ঘরের এই মানবিক উদ্যোগ অনেক রোজাদারের মুখে এনে দিচ্ছে স্বস্তির হাসি। আয়োজকদের মতে, সমাজের সক্ষম মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন মানবিক উদ্যোগ চালিয়ে নেওয়া সম্ভব হবে।
Leave a Reply