এডি ডেস্ক
রাষ্ট্রীয় পর্যায়ে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে শুরুতেই নিজের দপ্তর থেকে পরিবর্তন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে আসার পর তিনি কক্ষের অর্ধেক বাতি নিভিয়ে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন। প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত উদ্যোগের পরপরই পুরো সচিবালয় জুড়ে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়িতার নির্দেশনা জারি করা হয়। মন্ত্রিসভার বৈঠকেও তিনি একই নির্দেশনা দেন এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের পরামর্শ দেন।
দেশের বিদ্যুৎ খাতের ওপর চাপ কমাতে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ এখন সরকারি ও বেসরকারি সব পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শুধু সরকারি অফিস নয়, বরং দেশের সব বিপণিবিতান, শপিংমল ও ব্যক্তিগত বাসভবনেও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে দিনের বেলা জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর ওপর জোর দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই স্বপ্রণোদিত উদ্যোগ প্রশাসনের উচ্চপর্যায় থেকে সাধারণ মানুষের মাঝে একটি ইতিবাচক সাশ্রয়ী সংস্কৃতির সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply