এডি ডেস্ক
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় আঘাত হেনেছে ৫.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে অনুভূত এই কম্পনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। বিশেষ করে সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং খুলনা থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আশাশুনি এলাকায়। ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে এই ভূ-কম্পনটি তৈরি হয়। বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু অংশেও এই কম্পন টের পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে। যদিও এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে হঠাৎ এমন ঝাঁকুনিতে অনেকেই ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।
চলতি ফেব্রুয়ারি মাসে দেশে ভূমিকম্পের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মাসের শুরু থেকে আজ পর্যন্ত মোট আটবার ছোট-বড় কম্পন রেকর্ড করা হলো। পহেলা ফেব্রুয়ারি সিলেটে মৃদু কম্পন দিয়ে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা ও মিয়ানমার সীমান্তে বড় ধরনের ঝাঁকুনি অনুভূত হয়। এরপর সিলেট ও সুনামগঞ্জেও দফায় দফায় কম্পন টের পাওয়া গেছে। মাত্র চার সপ্তাহের ব্যবধানে এতবার ভূ-কম্পন অনুভূত হওয়াকে বিশেষজ্ঞরা পরিবেশ ও ভূ-তাত্ত্বিক পরিবর্তনের সংকেত হিসেবে দেখছেন।
Leave a Reply