এডি ডেস্ক
চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট ও অচলাবস্থা নিরসনে সরকার এবার কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ রবিবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, মুষ্টিমেয় কিছু ব্যক্তির স্বার্থে দেশের প্রধান সমুদ্রবন্দরকে জিম্মি করার কোনো সুযোগ দেওয়া হবে না। যারা সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে বন্দরকে অচল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার ‘হার্ডলাইনে’ যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও জানান, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং জাতীয় অর্থনীতি সচল রাখতে প্রশাসন কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করবে না। কতিপয় ব্যক্তির ইন্ধনে পুরো বন্দর ব্যবস্থাকে অস্থিতিশীল করার প্রক্রিয়া বন্ধ করতে যা যা প্রয়োজন, তা-ই করা হবে।
একই সময়ে বিদেশি বিনিয়োগ ও চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির বিষয়ে আলোচনা চলমান রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি আরও কিছু সময় চেয়েছে। এ বিষয়ে তাড়াহুড়ো না করে দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনায় রাখা হচ্ছে। প্রয়োজন হলে এই চুক্তি সংক্রান্ত আলোচনা আগামী নির্বাচনের পরেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি সুন্দর সমাধানে পৌঁছানোই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।
Leave a Reply