আবু রায়হান, রংপুর ব্যুরো
রংপুরের মিঠাপুকুর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মাজেদুল ইসলাম বসুনিয়ার নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর থানার ভাংনী ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা ভাংনী মৌজার ইসলামপুর ঠাকুরবাড়ি এলাকার নূর হোসেনের বসতবাড়িতে অভিযান চালান। এ সময় তার হেফাজতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ডিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নূর হোসেন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে উদ্ধার করা মাদক ও নগদ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. নূর হোসেন (৪০)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইসলামপুর ঠাকুরবাড়ি এলাকার মৃত আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে।
এ ঘটনায় জব্দকৃত আলামতসহ অভিযুক্তকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply