নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর উত্তরায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আগামীকাল (শনিবার) সকাল ৯:০০টা থেকে শুরু হয়ে এই স্বাস্থ্য সেবা কার্যক্রম চলবে বিকেল ৫:০০টা পর্যন্ত। উত্তরা ৫ নম্বর সেক্টরের ৬এ রোডে অবস্থিত আইইএস স্কুল (IES School) প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিকেল ক্যাম্পে সকল বিভাগের প্রায় ১০০ জন অভিজ্ঞ ডাক্তার, কনসাল্টেন্ট, ফার্মাসিস্ট ও থেরাপিস্ট রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়া ক্যাম্পে আসা গরিব ও অসহায় রোগীদের মাঝে প্রায় ২ লক্ষ টাকার প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে।
দিনব্যাপী এই কর্মসূচিতে সাধারণ চিকিৎসার পাশাপাশি বিশেষ কিছু সেবার ব্যবস্থা রয়েছে :
চক্ষু শিবির: চোখের নানা সমস্যার তাৎক্ষণিক চিকিৎসা ও পরামর্শ।
ব্লাড গ্রুপিং ও কালেকশন: বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত সংগ্রহ।
থেরাপি জোন ও হিজামা: বিশেষায়িত থেরাপি ও কাপিং (হিজামা) চিকিৎসা।
স্বাস্থ্য সচেতনতা সেমিনার: হাম প্রতিরোধসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা।
আয়োজক সূত্রে আরও জানা গেছে, এটি কেবল একটি সাময়িক কর্মসূচি নয়। ভবিষ্যতে ঢাকা-১৮ আসনের সর্বস্তরের জনগণের স্থায়ী স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক ‘প্রাক হেলথ কেয়ার সেন্টার’ চালু করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনাও রয়েছে তাদের।
সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের অসহায় ও সাধারণ মানুষকে আগামীকাল যথাসময়ে উপস্থিত হয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply