আবু রায়হান, রংপুর ব্যুরো
“স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা পদ্ধতি: পরিবর্তন, উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রংপুরে। ভূমি সেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বুধবার (২০ মে) দুপুর ১২টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন। সহযোগিতায় ছিল ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং স্থানীয় সরকার বিভাগের পরিচালক আবু জাফর।
সেমিনারে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, নাগরিক ভোগান্তি হ্রাস এবং স্বচ্ছতা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালু হওয়ায় সেবার গতি বেড়েছে এবং সাধারণ মানুষের হয়রানি কমেছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও কার্যকর ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। তিনি মাঠপর্যায়ে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে বলা হয়, অটোমেশন ব্যবস্থার মাধ্যমে সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও দুর্নীতিমুক্ত করা সম্ভব। এজন্য প্রশিক্ষিত জনবল তৈরি এবং সেবাগ্রহীতাদের সচেতনতা বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে।
সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন কার্যক্রমের বিভিন্ন অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
সভাপতির বক্তব্য ও সমাপনী বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম আরও বিস্তৃত করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভূমি প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply