এডি প্রতিবেদক, সিলেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান তার শ্বশুরবাড়ি এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুরে এক আবেগঘন পরিবেশে তিনি এই গণসংযোগ শুরু করেন।
বিরাহিমপুরে হাজারো মানুষের উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান স্থানীয়দের সাথে আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, “ড. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আপনাদের কাছে আমার দাবি, আগামী ১২ তারিখের নির্বাচনে এই এলাকা থেকে যেন ধানের শীষ জয়ী হয়। আমি আপনাদের কাছ থেকে সেই জবান নিয়ে গেলাম।”
প্রচারণা শুরুর আগে তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষ করেই তিনি সরাসরি শ্বশুরবাড়িতে উপস্থিত হন এবং স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করেন।
জনগণের ভাগ্যোন্নয়নের অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান বলেন, “ধানের শীষ জয়যুক্ত হলে আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তার জন্য ‘কৃষক কার্ড’ প্রবর্তন করবো।”
এ ছাড়া তিনি কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগ কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টার স্থাপন করবো। আমাদের লক্ষ্য যুবকদের দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা বিদেশে ভালো বেতনে চাকরি করতে পারে। এতে দেশে রেমিট্যান্স বাড়বে এবং জাতীয় অর্থনীতির বিকাশ ঘটবে।”
বিগত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “গত ১৬ বছর এ দেশের মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমরা মানুষের সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। মূলত মানুষের হাতে ক্ষমতার চাবিকাঠি ফিরিয়ে দিতেই এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ।”
Leave a Reply