স্টাফ রিপোর্টার:
খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে রূপসা থানার ঘাটভোগ মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ঘাটভোগ মধ্যপাড়ার বাসিন্দা মোঃ সেকেন্দার আলী শেখ (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা কার্যালয় ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক মোছাঃ জাহানারা খাতুনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় দুইজন সাক্ষীকে সঙ্গে নিয়ে সেকেন্দার আলীর নিজ দখলীয় টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ঘরের ভেতরে কাঠের খাটের তোষকের নিচে লুকিয়ে রাখা একটি সাদা পলিথিনের মধ্যে থাকা ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানে অংশ নেন এএসআই মোঃ জিল্লুর রহমান, এএসআই মোঃ আব্দুল হালিম সরদারসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত ও নমুনা সংগ্রহ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রূপসা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ জাহানারা খাতুন।
তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান জোরদার করা হবে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply