সাতক্ষীরা প্রতিনিধি:
অপরাধীর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই, অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নবাগত পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দেন, শুধু সাধারণ মানুষ বা রাজনৈতিক কর্মীই নয়, পুলিশ বিভাগেরও কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তবে তার পোশাক বা পদমর্যাদা না দেখে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাজে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ও চাঁদাবাজি না হয়, তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
পুলিশ এবং সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করে পুলিশ সুপার বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই দুই পক্ষের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের চোখে পুলিশ পৃথিবী দেখে উল্লেখ করে তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। একই সাথে তিনি সমাজ বিনির্মাণে পুলিশ, পাবলিক এবং প্রেস এই তিন মাধ্যমের সমন্বয়কে অতীব জরুরি বলে মন্তব্য করেন। নবাগত এসপি তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। এছাড়া সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। সভাশেষে তিনি জেলার সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে সাতক্ষীরার সার্বিক নিরাপত্তায় একসাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার এবং পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এস এম আব্দুল আলীমসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা। সাংবাদিকদের পক্ষে আলোচনায় অংশ নেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। এছাড়াও সভায় আরটিভি, একাত্তর টিভি, বাংলানিউজ, কালবেলা, মানবজমিনসহ জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন।
Leave a Reply