গরমের মৌসুমে বাজারজুড়ে এখন পাকা আমের সমারোহ। তবে অনেকেই অভিযোগ করেন, বাজার থেকে আনার দু-একদিনের মধ্যেই আম নরম হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমের বোঁটার আশপাশে কালচে হয়ে পচন ধরতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, সঠিক উপায়ে সংরক্ষণ করলে পাকা আম দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।
জেনে নিন পাকা আম ভালো রাখার কিছু সহজ কৌশল—
আম কেনার সতর্কতা: আম কেনার সময় একেবারে বেশি পাকা আম না কিনে সামান্য কাঁচা বা আধাপাকা আম বেছে নেওয়া ভালো। এতে কয়েকদিন ঘরের তাপমাত্রায় রেখেও খাওয়া যায়।
ফ্রিজে রাখার নিয়ম: আধাপাকা আম সরাসরি ফ্রিজে না রাখাই উত্তম। ঘরের শুকনো ও ঠান্ডা স্থানে রাখলে আম বেশি দিন ভালো থাকে।
প্লাস্টিক ব্যাগ বর্জন: পাকা আম কখনোই প্লাস্টিক বা পলিথিনে মুড়ে রাখা উচিত নয়। এতে ভেতরে আর্দ্রতা জমে আম দ্রুত পচে যায়। এর বদলে কাগজের ব্যাগ বা ঝুড়িতে ছড়িয়ে রাখা যেতে পারে।
আলাদা করে রাখা: সব আম একসঙ্গে না রেখে বেশি পাকা আমগুলো আলাদা করে ফেলা ভালো। কারণ পাকা আম থেকে নির্গত ইথিলিন গ্যাস চারপাশের অন্য আমগুলোকে দ্রুত পাকিয়ে বা নষ্ট করে ফেলে।
ধোয়ার নিয়ম: বাজার থেকে এনেই সঙ্গে সঙ্গে আম ধোয়া ঠিক নয়। খাওয়ার ঠিক আগে পরিষ্কার পানিতে ধুয়ে নিলেই যথেষ্ট।
দীর্ঘমেয়াদি সংরক্ষণ: দীর্ঘদিন আম সংরক্ষণ করতে চাইলে আম ছোট ছোট টুকরো করে কেটে জিপলক ব্যাগে ভরে ফ্রিজারে (ডিপ ফ্রিজ) রেখে দিতে পারেন। চাইলে প্রথমে টুকরোগুলো একটি পাত্রে আলাদা করে বরফের মতো জমিয়ে, পরে ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রাখতে পারেন।
এভাবে সংরক্ষণ করলে বছরজুড়ে যেকোনো সময়ে জুস, স্মুদি বা বিভিন্ন ডেজার্টে সুস্বাদু আম ব্যবহার করা সম্ভব।
এডি/আমিন
Leave a Reply