চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হলে প্রথমবারের মতো নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “She Leads: Building Confidence Through CV, Interviews & Public Speaking” শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বিজয় ২৪ হল সংসদ ও CSTPD।
রোববার (১০মে) আয়োজিত এ কর্মশালায় নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা উন্নয়ন, মানসম্মত সিভি তৈরি, ইন্টারভিউ প্রস্তুতি ও পাবলিক স্পিকিং–এ দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার বিষয়টিও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি বক্তব্যে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে নারী শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জন ও আত্মবিশ্বাস বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ সময় আরও বক্তব্য দেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব। তিনি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নেতৃত্বগুণ ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসক (জনসংযোগ ও প্রকাশনা বিভাগ) অধ্যাপক ড. আখতার হোসাইন মজুমদার, বিজয় ২৪ হলের সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আকিকুল হক, বিভিন্ন আবাসিক শিক্ষক, চাকসুর ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা, হল সংসদের ভিপি সানু আক্তার (নদী)সহ অন্য সদস্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হল সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আফিয়া ইবনাত ওয়াফা। পুরো আয়োজনের পরিকল্পনা, সমন্বয় ও তদারকির দায়িত্বে ছিলেন হল সংসদের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক আম্মাতুল বাসরী বৃষ্টি।
আনুষ্ঠানিকতা শেষে মূল কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষক শাহরিয়ার হোসাইন সাগর। তাঁর পরিচালনায় সেশনটি অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মশালায় দক্ষ পাবলিক স্পিকার হওয়ার কৌশল, কার্যকর সিভি তৈরির উপায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ মোকাবিলার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
Leave a Reply