চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সংকট নিরসনে অগ্রগতি, চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
রোববার (১০ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পরিবহন সমস্যার দ্রুত সমাধানে ৬ দফা দাবি উত্থাপন করে চাকসু।
দাবিগুলো হলো— ১. অন্তত ১০টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালু করতে হবে, যা নির্দিষ্ট রুটে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চলাচল করবে।
২. অন্তত ১০টি নতুন ই-কার সার্ভিস চালু করতে হবে।
৩. শাটল ট্র্যাকার অ্যাপ পরিচালনার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ দিতে হবে।
৪. চলতি সপ্তাহের মধ্যেই শহর থেকে ক্যাম্পাসমুখী ফিরতি বাস সার্ভিস চালু করতে হবে।
৫. টেকনিক্যাল হল্ট বন্ধ করে অক্সিজেন স্টপেজ চালু করতে হবে।
৬. শাটল ট্রেনের সব শিডিউলে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা। এসময় উপস্থিত ছিলেন চাকসুর
সহ-যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মেহেদী হাসান সোহান, নির্বাহী সদস্য সালমান ফারসি সাকিব।
বক্তব্যে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সমাধানে চাকসুর নেওয়া ১০টি উদ্যোগ ও সেগুলোর অগ্রগতির তথ্য তুলে ধরে ইসহাক ভূঁঞা বলেন, “চাকসু দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বশেষ শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে আন্দোলনও করেছি। কিন্তু বর্তমানে শাটল ট্রেনের ধারণক্ষমতা মোট শিক্ষার্থীর ৩০ শতাংশেরও কম। ফলে বিকল্প ও কার্যকর পরিবহনব্যবস্থা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “এ কারণেই আমরা ১০টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালুর দাবি জানিয়েছি। আজ উত্থাপিত দাবিগুলোর প্রতিটি নিয়েই দীর্ঘদিন ধরে কাজ চলছে। এখন এগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনিক সিদ্ধান্ত প্রয়োজন। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
Leave a Reply