আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যরাতে সাধারণ নারীর ছদ্মবেশে ঘুরতে গিয়ে ৩ ঘণ্টায় ৪০টি কুপ্রস্তাব পেয়েছেন ভারতের হায়দরাবাদের মালকাজগিরি প্রশাসনিক অঞ্চলের পুলিশ কমিশনার সুমতী। নারীদের জন্য শহরে রাতের রাস্তা কতটা নিরাপদ- তা সরেজমিনে দেখতে গিয়ে এই পরিস্থিতির মুখে পড়েন এই পুলিশ কর্মকর্তা।
জানা যায়, গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে সুমতী একা দাঁড়িয়ে ছিলেন শহরের একটি বাসস্টপে। পুলিশের উপস্থিতি ছাড়াই মধ্যরাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ওই এলাকায় অবস্থান করেন। উদ্দেশ্য ছিল, রাতের শহরে নারীরা বাস্তবে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, তা সরাসরি বোঝা। তবে পরবর্তী তিন ঘণ্টায় যা ঘটেছে, তা উদ্বেগজনক বলেই মনে করছেন অনেকে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময়ের মধ্যে প্রায় ৪০ জন পুরুষ সুমতীর কাছে এসে কথা বলার চেষ্টা করেন। তাদের অনেকেই মদ্যপ ছিলেন ও কয়েকজনকে গাঁজার প্রভাবে রয়েছে বলেও সন্দেহ করা হয়। যারা তার কাছে এসেছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন তরুণ। তাদের মধ্যে শিক্ষার্থী ও চাকরিজীবীও ছিলেন। তবে তারা কেউই বুঝতে পারেননি যে, যাকে তারা সাধারণ নারী ভেবে কথা বলছেন, তিনি আসলে শহরের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য ছিল শুধু অভিযোগ বা প্রতিবেদনের ওপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতি বোঝা। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা না করে পুলিশ স্টেশনে ডেকে কাউন্সেলিং করানো হয় ও জনসমক্ষে নারীদের প্রতি আচরণ নিয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে নারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply