আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শিবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ফুলদী ইউনিয়নের নলকুড়া গ্রামের জোহর আলীর মেয়ে ঝর্না (২৬) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি মাইজকার গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে কানাই চন্দ্র সরকার (৩০)।
মঙ্গলবার বিজিবি তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করে পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর সীমান্তের আদম পাচারকারী হাসানের মাধ্যমে টাকার বিনিময়ে তারা ভারত থেকে বাংলাদেশে আসেন। হাসান মনিয়ন্দ সীমান্তের পুলিশ ও বিজিবির তালিকাভুক্ত মানব পাচারকারী।
বিজিবি জানায়, প্রায় একমাস আগে হবিগঞ্জ সীমান্ত দিয়ে ঝর্না কাজের উদ্দেশ্যে ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে কানাই চন্দ্র চিকিৎসা নিতে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের আখাউড়া কর্নেলবাজার (বিওপি) হাবিলদার মো. ইলিয়াস হোসেন বলেন, শিবনগর ২০২৬ মেইন পিলার সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে। এসময় সীমান্তে বিজিবির টহল দলের জওয়ানরা তাদেরকে আটক করে।
Leave a Reply