স্টাফ রিপোর্টার
খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার বিরুদ্ধে রাষ্ট্রীয় শোক অমান্য, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছে খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন। এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী বরাবর খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে উপপরিচালক (স্থানীয় সরকার) মোঃ আরিফুল ইসলামের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি যথাযথভাবে পালন করা হয়নি। অভিযোগ রয়েছে, ওইদিন অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত না করে উল্টো উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা লাঞ্ছিত হন বলেও উল্লেখ করা হয়।
এছাড়া ডিএমডির বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, অতিরিক্ত জ্বালানি খরচ, বন্ধ থাকা প্রকল্পে বেতন প্রদান, টেন্ডার ছাড়াই কেনাকাটা এবং কোটি টাকার অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। কর্মচারী ইউনিয়নের দাবি, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে নিয়মিত অতিরিক্ত ব্যয় করা হচ্ছে, যা রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার।
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রায় এক কোটি টাকার সরঞ্জাম চুরির ঘটনায় যথাযথ তদন্ত না করে উল্টো অভিযুক্তদের সহায়তা করা হয়েছে। পাশাপাশি অতীতে বিভিন্ন কর্মস্থলেও তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে।
এ পরিস্থিতিতে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কর্মচারী ইউনিয়নের নেতারা। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply