পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পিস্তলের বাটের আঘাতে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় পিস্তল ও গুলিসহ মো. রফিকুল ইসলাম সম্রাট (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটক রফিকুল ইসলাম সম্রাট উপজেলার ধাওয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশী মৃত আব্দুর রশিদ সর্দারের ছেলে মো. আলমগীর হোসেন সর্দার (৬৫)-এর সঙ্গে জমির সীমানা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় রফিকুল ইসলাম সম্রাট তার কাছে থাকা একটি ৯ এমএম পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
পরে উভয়ের মধ্যে ধস্তাধস্তির সময় সম্রাট পিস্তলের বাট দিয়ে আলমগীর হোসেনের মাথায় আঘাত করলে তিনি আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর আলমগীর হোসেনের মেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলাম সম্রাটকে আটক করে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি গুলি, দুটি ম্যাগাজিন এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, হামলার শিকার আলমগীর হোসেন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ব্যক্তি ওই পিস্তলটি তার লাইসেন্সকৃত বলে দাবী করছেন, তবে আমরা সেটি যাচাই করবো।
Leave a Reply