পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাঘরী গ্রামে ব্যবসায়ী আক্তার শেখের বাড়িতে গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালার থাই গ্লাসের লক কেটে এবং জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ব্যবসায়ী আক্তার শেখ জানান, “বৃহস্পতিবার সারারাত বৃষ্টি পড়ছিল। এসময় একদল ডাকাত আমার বিল্ডিংয়ের থাই গ্লাসের লক খুলে ও জানালা কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার এবং দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় আমার পরিবারের সবাই ঘুমিয়ে ছিলাম। পরে শব্দ পেয়ে জেগে উঠলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
ঘটনার খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের এসআই দীপংকর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগী পরিবার ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের কাজ। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এছাড়াও স্থানীয়রা জানান, দুর্গাপুর ইউনিয়নে পরপর একাধিকবার ডাকাতির ঘটনায় জনমনে উদ্বেগ বেড়েছে। তারা রাতের টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply