বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের ১৭তম আবর্তনের আয়োজনে “এফএম রেডিও ও ভাষাবিতর্ক” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলা বিভাগের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর। তিনি বলেন, “ইন্টারনেট ও ফেসবুকের ব্যাপক প্রসারের আগে এফএম রেডিওর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কিন্তু ডিজিটাল মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতায় এফএম রেডিও তার আগের জৌলুশ ধরে রাখতে পারেনি।”
তিনি আরও বলেন, “এফএম রেডিও ভাষার কোনো ক্ষতি করেনি। বরং তরুণদের দৈনন্দিন কথোপকথনের ভাষাকেই এটি গ্রহণ করেছিল। তবে পরবর্তীতে উচ্চারণ ও শব্দ প্রয়োগে কিছু আরোপিত প্রবণতার কারণে ভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।”
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী সিরাজ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ইয়াসমিন আরা সাথী, বেরোবির কলা অনুষদের ডিন ড. নিত্য ঘোষ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শফিক আশরাফ, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম পলাশ, প্রভাষক গোলাম রব্বানী ও প্রভাষক শিরিনা খাতুন।
এছাড়াও সেমিনারে বক্তব্য দেন ১৭তম আবর্তনের শিক্ষার্থী বাঁধন আক্তার, জান্নাতুল উর্মি, আসিফা, তনিমা আফরোজ বর্ণি ও ইয়াসমিন আক্তার।
তিন ঘণ্টাব্যাপী এ সেমিনারে বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ভাষা ও গণমাধ্যমের পরিবর্তন নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply