ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণ ঘাট এলাকায় কিছু দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে খোলা জ্বালানি তেল বিক্রির তিনটি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে মজুত এবং বাড়তি দামে বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট তিন দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বলেন, র্যাবের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট দোকানগুলোর জ্বালানি তেল বিক্রির অনুমোদনও ছিল না।
র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, মুদি দোকান, গ্যারেজ ও শ্রমিকদের আবাসস্থলে জ্বালানি তেল মজুতের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply