ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিভিন্ন পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আজ (৪ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি, আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাদলা বিওপির টহলদল পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল, সাবান, ফুসকা ও বাজি এবং বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা বলে জানা গেছে। আটককৃত এসব মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত অভিযানের মাধ্যমে এ ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply