এডি ডেস্ক
ত্বকের দাগ, ব্রণ বা রোদ থেকে হওয়া দাগ দূর করতে সবসময় বড় দামের স্কিনকেয়ার প্রোডাক্টের দিকে ঝুঁকতে হবে না। সঠিক কিছু উপাদান নিয়মিত ব্যবহার করলেই ত্বক অনেকটাই উজ্জ্বল এবং দাগমুক্ত দেখাবে। চলুন জেনে নিই কিছু শক্তিশালী উপাদান, যা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত এবং ত্বকের দাগ কমাতে কার্যকর।
দাগমুক্ত ত্বক পাওয়ার সহজ উপায়
আজকাল অনেকেই সিরাম বা ক্রিম ব্যবহার করছেন। কিন্তু ত্বকের সমস্যা অনুযায়ী সঠিক উপাদান বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দাগ হালকা করার জন্য কয়েকটি উপাদান সত্যিই ম্যাজিকের মতো কাজ করে।
ভিটামিন সি : ভিটামিন সি ত্বকের জন্য শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি কোলাজেন উৎপাদন বাড়ায়, ফলে ত্বক দেখতে হয় তরুণ। ভিটামিন সি মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ত্বককে উজ্জ্বল করে। ভিটামিন সি সিরাম বা ক্রিম নিয়মিত ব্যবহার করলে দাগ দ্রুত হালকা হয়। সকালে সানস্ক্রিনের আগে ভিটামিন সি সিরাম ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
গ্লাইকোলিক অ্যাসিড : ২০ বছরের বেশি বয়সিদের জন্য সাপ্তাহিক স্কিনকেয়ারে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার উপকারী। এটি AHA-এর একটি ধরনের অ্যাসিড, যা মৃত ত্বকের কোষ দূর করে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। হাইপারপিগমেন্টেশন ও সানবার্ন কমাতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ ও সমান রঙের করে। হাঁটু, কনুই বা আন্ডারআর্মের দাগ দূর করতেও এটি খুব কার্যকর।
নিয়াসিনামাইড : নিয়াসিনামাইড বা ভিটামিন বি৩ ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে। এটি মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, হাইপারপিগমেন্টেশন কমায় এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এছাড়া অতিরিক্ত তেল কমায়, ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।
কোজিক অ্যাসিড : কোজিক অ্যাসিড একটি প্রাকৃতিক ত্বক উজ্জ্বলকরণ উপাদান। এটি মেলানিন উৎপাদন কমিয়ে দাগ হালকা করে। স্পট ট্রিটমেন্ট হিসেবে এটি অনেক স্কিনকেয়ার প্রোডাক্টে ব্যবহৃত হয়।
আলফা আরবুটিন : জেন্টল কিন্তু শক্তিশালী ব্রাইটেনিং এজেন্ট। যারা সেনসিটিভ ত্বকের জন্য চিন্তিত, তাদের জন্য আলফা আরবুটিন সবচেয়ে নিরাপদ। এটি মেলানিন উৎপাদন কমায়, দাগ হালকা করে এবং ত্বককে উজ্জ্বল করে। নিয়াসিনামাইডের সঙ্গে ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়। নিয়মিত কয়েক মাস ব্যবহার করলে ফল স্বাভাবিকভাবেই চোখে পড়বে।
সূত্র : সাজগোজ
Leave a Reply