এডি ডেস্ক: চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অবিস্মরণীয় শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) ভর্তি হয়েছিলেন। সোমবার (৩০ মার্চ) বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে একটি দক্ষ চিকিৎসক দল অত্যন্ত সফলতার সাথে তার হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন।
মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার সংবাদ পাওয়ামাত্রই তার সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে উনার অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন চিকিৎসার সার্বিক তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ড্যাব নেতৃবৃন্দ। এ সময় শহীদ মীর মুগ্ধের পিতা প্রধানমন্ত্রীর এই মহানুভবতায় কৃতজ্ঞতা প্রকাশ করে উনার জন্য দোয়া করেন এবং মুগ্ধের বড় ভাই দিপ্ত সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান। উল্লেখ্য যে, জনাব তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি শুরু থেকেই শহীদ মুগ্ধের পিতার চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি ধাপে নিবিড় সহযোগিতা প্রদান করে আসছে।
Leave a Reply