আন্তর্জাতিক ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত ছিল। তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তেল আবিবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত কয়েক ঘণ্টায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং ড্রোন প্রতিহত করা হয়েছে। ইরানের মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, আজ ভোররাতে মার্কিন-ইসরায়েলি বাহিনী তেহরানের ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশটির রাজধানী রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এর আগে, শুক্রবার প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এক হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। সূত্রের তথ্য অনুযায়ী, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সেনাদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন। এদিকে রয়টার্সের তথ্য মতে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করায় দামেস্কের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আবুধাবির সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, প্রতিহত করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে পাঁচজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। গণমাধ্যম দপ্তরটির তথ্য মতে, তাদের আঘাতের মাত্রা মাঝারি থেকে সামান্য। দপ্তরটি এর আগে জানিয়েছিল, শহরের খলিফা ইকোনমিক জোনে খসে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট দুটি আগুন নেভানোর কাজ করছে কর্তৃপক্ষ। দক্ষিণ লেবাননে ইসরায়েলিরা ঠিক কোথায় অভিযান চালাচ্ছে এবং কী করছে, সে সম্পর্কে তাদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন। এর একটি কারণ হলো অভিযানগত নিরাপত্তা এবং আরেকটি কারণ হলো ইসরায়েলের অভ্যন্তরে সামরিক সেন্সরশিপ।
Leave a Reply