এডি ডেস্ক:
শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে এক দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তস্তারকান্দি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪ ৮৬৮৫) ঘটনাস্থলে পৌঁছালে হঠাত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানের ডিভাইডারে উঠে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকে হালকা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। এর মধ্যে বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম) জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত গতি এবং পিচ্ছিল সড়কের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply