পিরোজপুর প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) বিকেলে জিয়ানগর উপজেলা পরিষদ চত্বর, আশপাশের সড়ক ও বিভিন্ন স্থানে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় মশা ও ডেঙ্গু প্রতিরোধে সরকারি সাপ্তাহিক ছুটির দিন শনিবার নিয়মিতভাবে উপজেলা পরিষদের আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, “আমাদের উপজেলায় গত দুই থেকে তিন মাস ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমরা নিয়মিতভাবে কাজ করছি। প্রধানমন্ত্রীর আহ্বানের পর এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। প্রতি শনিবার আমরা অফিস, বাসা ও আশপাশের এলাকায় যেসব স্থানে ময়লা-আবর্জনা জমে মশার জন্ম হতে পারে, সেসব স্থান পরিষ্কার করছি।”
তিনি আরও বলেন, এটা ইমানেরও অঙ্গ “পরিবেশ সুন্দর ও সুস্থ রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Leave a Reply